
কলকাতা: যাদবপুরের ঘটনায় দুটি মামলা রুজু করলো পুলিশ৷ যাদবপুরে অনুমতি ছাড়া জমায়েত ও রাস্তা অবরোধের অভিযোগে দুই পৃথক মামলা দায়ের করল পুলিশ। গতকাল যাদবপুর থানার অন্তর্গত এলাকায় দুটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। যাদবপুর থানায় শুক্রবার অভিযোগ দায়ের করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
পুলিশের অভিযোগ, প্রিন্স আনোয়ার শাহ রোড ও রাজা এস সি মল্লিক রোডের সংযোগস্থলে প্রায় ২০০-২৫০ জন এবিভিপি সমর্থক জমায়েত করে যান চলাচলে বাধা দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে পুলিশ গার্ডরেল বসালে তা ভাঙচুর করে গেট নম্বর ৪-এর দিকে যাওয়ার অভিযোগ ওঠে। পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে।